ফরমালিন ব্যবহারের মিথ্যা অভিযোগে ব্যবসায়ী ও আম চাষিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আম চাষি ও আম ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডান্ট্রির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সেখানে জানানো হয়, আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল আম বাগানে আম সংগ্রহ বন্ধ করে বেলা ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আম ব্যবসায়ীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন। আগামী শনিবারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আম পরিবহনের সময় ফরমালিন ব্যবহারের অভিযোগে আম ধ্বংস, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে আগামী রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত হরতাল পালন করা হবে।
