গ্রীন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণি গতকাল বুধবার রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর বলেন, সার্বিক পর্যবেক্ষণে মনে হয় আমরা বুদ্ধির দিক দিয়ে বন্ধ্যা হয়ে আছি। কষ্ট লাগে এ জন্য যে, বাইরের কারো কাছ থেকে আমাদের বুদ্ধি-পরামর্শ নিতে হচ্ছে। আমরা এখন পরাজিত মানসিকতায় আচ্ছন্ন হয়ে আছি। জয়ী হতে দাঁড়ানোর তাড়না হারিয়ে ফেলেছি। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ দেশের বিখ্যাত ব্যক্তিদের নামোল্লেখ করে তিনি বলেন, এসব ব্যক্তিদের আমরা ভুলে গেছি, অতীতের গৌরবও আমরা হারিয়ে ফেলেছি। শাহীন রেজা নূর বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের অতীত গৌরবের দিকে যাবো; নাকি দাসত্বের পথে যাবো। দেশের শিক্ষাব্যবস্থার নানা দিক তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ব্যবসা নয়, সেবা। কিন্তু বর্তমান শিক্ষার নামে যা হচ্ছে তা পরিতাপের বিষয়। আমাদের ইতিহাস অসাম্প্রদায়িক চেতনার। এই চেতনার মধ্য থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। গৌরবের ইতিহাস থেকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সার্বিক পর্যবেক্ষণে মনে হয় আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মীর নিজামুদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক খায়রুল আনাম এবং অধ্যক্ষ ফিরোজা আহমদ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ২০১২-১৩ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
