বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বহরে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ৬টি অত্যাধুনিক জাহাজ সংযোজিত হবে। এগুলোর মধ্যে রয়েছে ৩টি নতুন অয়েল ট্যাংকার এবং ৩টি নতুন বাল্ক ক্যারিয়ার। চীন সরকারের দেয়া ঋণে এসব জাহাজ কেনায় খরচ হবে ১ হাজার ৩৯ কোটি টাকা। জাহাজগুলো সরবরাহ করবে চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি করপোরেশন।
আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য বিএসসি’র ৩৬তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে গতকাল বুধবার বিএসসি ভবনে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিএসসি’র এমডি কমডোর মকসুদুল কাদের এসব তথ্য প্রকাশ করেন। তিনি আরো জানান, লাইটারেজ ট্যাংকার হিসাবে নিয়োজিত এমটি বাংলার সৌরভ ও এমটি বাংলার জ্যোতি পুরনো হয়ে যাওয়ায় শীঘ্রই এই ২টি জাহাজের স্থলে আরো ২টি নতুন লাইটারেজ ট্যাংকার আনা হবে।
মতবিনিময় সভায় আরো জানানো হয়, বিএসসি’র পরিচালনা পর্ষদ এবার বিএসসিতে পুঁজি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এ সময় বিএসসি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ ইয়াসমিন আফসানা, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইদুল্লাহ, সচিব গোলাম হোসেন, ব্যবস্থাপক নওয়াব আহসান হাবিব, ব্যবস্থাপক নিজামউদ্দিন, সহকারী ব্যবস্থাপক সৈয়দা আফরোজা হোসেন প্রমুখ।
