ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো সরকারি বাহিনীর একতরফা যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব দেয়াসহ পূর্ব ইউক্রেইনের জন্য একটি শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর পোরোসেনকো এ পরিকল্পনা পেশ করেন। খুব দ্রুতই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
পুতিন ও পোরোসেনকোর মধ্যে পূর্ব ইউক্রেন সঙ্কট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ঐ অঞ্চলে ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলছে। পুতিনের সঙ্গে আলাপের পর কিয়েভে একটি সামরিক প্রতিষ্ঠানে ছাত্রদের উদ্দেশে বক্তব্যে পোরোসেনকো ১৪-দফা শান্তি পরিকল্পনার রূপরেখা দেন। যেসব বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা অস্ত্রসমর্পণ করবে তাদেরকে ক্ষমা করা এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তে কড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে এ পরিকল্পনায়। তাছাড়া যুদ্ধবিরতিও আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো কোভাল।
ওদিকে পোরোসেনকো বলেছেন, আমার একতরফা যুদ্ধবিরতি ঘোষণার নির্দেশ দেয়ার মধ্য দিয়েই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। আর এর পরপরই সবার পক্ষ থেকে আমাদের এ শান্তি পরিকল্পনায় দ্রুত সমর্থন লাভেরও প্রয়োজন পড়বে। এর আগে সোমবার পোরোসেনকো বলেছিলেন, সীমান্ত নিরাপদ হলেই কেবল যুদ্ধবিরতি শুরু হতে পারে।
