বেনগাজিতে যুক্তরাষ্ট্রের অভিযান সার্বভৌমত্বের লংঘন :লিবিয়া

আপডেট : ১৯ জুন ২০১৪, ২০:৩৪
লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্র কন্স্যুলেটে হামলার ঘটনার সন্দেহভাজন দলনেতাকে আটক করতে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করার ব্যাপক সমালোচনা করেছে দেশটি। গত বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছে। ২০১২ সালের হামলায় দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৪ মার্কিন নাগরিক নিহত হন। এ অভিযানে কোন বেসামরিক জনগণ হতাহত হয়নি বলে পেন্টাগন সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে আহমেদ আবু খাতালা নামে একজনকে আটকের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবৃতিতে তিনি জানিয়েছেন, তার অনুমোদন নিয়েই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী রবিবার লিবিয়ায় অভিযান চালিয়ে ঐ ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় লিবিয়ার কূটনীতিকরা বলেন, গোপন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের দেশের সার্বভৌমত্বের লংঘন করেছে। দেশটির বিচারমন্ত্রী সালাহ আল মারঘানি বলেছেন, এ অভিযান সম্পর্কে ত্রিপলি অবগত ছিল না। তিনি আরো বলেন, দেশটির উচিত সন্দেহভাজন ব্যক্তিটিকে লিবিয়ার কাছে সোপর্দ করা। কেননা ঐ ব্যক্তির বিরুদ্ধে এর আগে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছিল।