চরভদ্রাসন চরাঞ্চলের শিশুরা শিক্ষা ও স্বাস্থ্যসেবা বঞ্চিত

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০১
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলের শিশুরা শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে। উপজেলার চরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় দিনের পর দিন চরাঞ্চলে বসবাসরত নদীভাঙ্গা দুঃস্থ পরিবারগুলোর শিশু-কিশোররা লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে। অসুখ-বিসুখ যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শুধু ঠাণ্ডা জ্বরের চিকিত্সা ছাড়া সরকারি আর কোন স্বাস্থ্য সেবা এখানকার মানুষের ভাগ্যে জোটে না। সালেপুর চরের বাসিন্দা মো. শফিউদ্দিন (৪৫) জানান, আমরা চরের মানুষ রোদ, বৃষ্টি, ঝড়, বন্যা ও খড়ার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকি। আমাদের ছেলে-মেয়েরা পঞ্চম শ্রেণীর উপর লেখাপড়া করার সুযোগ পায় না। জানা যায়, চরে এমপিওভুক্ত না হওয়া দুটি মাধ্যমিক স্কুলে শিক্ষক সংকটের পাশাপাশি এখানকার মানুষের অর্থনৈতিক সমস্যা ও নদী পারাপারে জীবনের ঝুঁকি থাকায় ছোট ছোট ছেলে-মেয়েরা উপজেলা সদরের স্কুলে এসেও লেখাপড়া করতে পারছে না। যে কারণে লেখাপড়া থেকে প্রতিবছর ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। ফলে তাদের অনেকেরই “উজ্জ্বল ভবিষ্যত্ গড়ার স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাচ্ছে”। পদ্মানদী পাড় হয়ে উপজেলা ও জেলা হাসপাতালে যাওয়ার আগেই অনেক গর্ভবতি মা ও শিশুর নৌকায়ই মৃত্যু হয়। চরবাসির সমস্যা সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান শাহীন বলেন, যোগাযোগ ব্যবস্থা চরবাসির শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা, উপজেলা পরিষদ থেকে ইতিমধ্যে চর থেকে রোগী আনা-নেয়ার জন্য হরিরামপুর ইউপি চেয়ারম্যার ওবায়দুল বারী দীপুর অধীনে একটি সি-এম্বুলেন্স দেয়া হয়েছে।