সুন্দরবনের কুখ্যাত সন্ত্রাসী, বনদস্যু আজাদ বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে বনজীবী লক্ষাধিক মানুষ। তার অত্যাচারে এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। তার হাত থেকে নিরাপদে বাঁচতে প্রশাসনের সহায়তা কামনা করে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীদের অন্যতম শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের আব্দুল আলীম। বক্তব্যে তিনি বলেন, যতীন্দ্রনগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে বনদস্যু আজাদ কিশোর বয়স থেকে সন্ত্রাসী কার্যকলাপ ও মানুষকে হয়রানি করে আসছে। ১৯৯০-৯২ সাল থেকে সে বনদস্যুতা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। তার অন্যতম সহযোগী এবং আশ্রয়দাতা তার বড় বোন নুরজাহান বেগম। এলাকার মানুষ প্রতিরোধ করতে গেলে তাদেরকে হয়রানির নেতৃত্ব দেয় এই নুরজাহান বেগম। এলাকায় কেউ প্রতিবাদ করলে নুরজাহান তার মেয়েদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে হেনস্থা করে প্রতিবাদকারীকে। এলাকার চেয়ারম্যান, মেম্বর, রাজনৈতিক নেতারাও আজাদ বাহিনীর কাছে জিম্মি। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার সংবাদ সম্মেলন হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
