হালুয়াঘাটে বিদ্যুতের লোডশেংডিয়ে জনজীবন অতিষ্ঠ। উপজেলার ধারা ইউনিয়নের গড়পাড়া নামক স্থানে বিদ্যুতের ট্রান্সফরমার মেরামতের দাবিতে বুধবার বিক্ষুব্ধ বিদ্যুত্ গ্রাহকরা হালুয়াঘাট- ময়মনসিংহ সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। ফলে রাস্তার উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অবরোধকারীরা জানায়, ট্রান্সফরমার মেরামতের নামে বিদ্যুত্ প্রকৌশলী অফিসার লোকমান হোসেন হাজার হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়। কিছু দিন যেতে না যেতে আবারও ট্রান্সফরমারটি পুনরায় বিকল হয়ে যায়। এ ধরনের সমস্যা সমাধান না হলে বিদ্যুত্ অফিস ঘেরাও করবে বলে স্থানীয় নেতৃবৃন্দ জানায়। অন্য দিকে বিশ্বকাপ ফুটবল খেলার সময় বিদ্যুত্ না থাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। বুধবার রাতে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডের খেলার শুরুতে বিদ্যুত্ না থাকায় হালুয়াঘাটের উত্সুক ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
