পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে স্কুল ব্যাংকিং

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০৩
দেশের ব্যাংকিং সেবার প্রচলিত ধারণা পাল্টে দিয়ে সব শ্রেণীর মানুষের বর্তমান ও ভবিষ্যত্ অর্থনৈতিক সফলতা নিশ্চিত করতে ব্যাংকিং সেবার পরিধি বাড়িয়ে চালু করা হয়েছে স্কুল ব্যাংকিং। লেখা-পড়ার উন্নতির সাথে সাথে ভবিষ্যত্ অর্থনৈতিক জীবন যাতে সুন্দরময় হয়ে উঠে তাই শিশু অবস্থায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করার লক্ষ্যে পঞ্চগড়ে চালু হয়েছে স্কুল ব্যাংকিং ব্যবস্থা। এই স্কুল ব্যাংকিং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। জানা গেছে, প্রতিটি শিশুর শিক্ষা জীবন শুরু হয় আনন্দময় পরিবেশে অনেক স্বপ্ন নিয়ে। শিক্ষা জীবনের বিভিন্ন ধাপে বড় একটি অংশ শিক্ষা থেকে ঝরে পড়ে। এর অন্যতম কারণ অর্থনৈতিক সমস্যা। বিশেষ একটি সময় পর্যন্ত এই সমস্যা সমাধানের ব্যবস্থা নিশ্চিত হলে ঝরে পড়া শূন্যের কোঠায় নেমে আসবে এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন গতিময় হবে। এজন্য স্কুল পড়ুয়া ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা এবং সঞ্চয়ের মাধ্যমে নিজের ও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখার লক্ষ্যে তাদেরকে ব্যাংকিং সেবার আওতায় এনে সঞ্চয়ী হিসাব স্কুল ব্যাংকিং চালু করা হয়েছে। পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী স্কুল ব্যাংকিং হিসাব খুলে সঞ্চয় শুরু করেছে।