বিভিন্ন স্থানে সাতজন খুন

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০৪
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু খুন ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার ছয়বাড়িয়া ও নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে দুই শিশু খুন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া থেকে অজ্ঞাত পরিচয় (১৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের ২টি কান, ২টি চোখ উপড়ানো এবং পেট কাটা ছিল। নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামে জমি নিয়ে সংঘর্ষে তামান্না নামে ৩ মাসের এক শিশু মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। দামুড়হুদায় মস্তকবিহীন লাশ উদ্ধার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বুইচারা মাঠ থেকে গতকাল বৃহস্পতিবার মস্তকবিহীন লিজন ওরফে দেবা (৩৫) নামে এক চরমপন্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিল। দামুড়হুদা থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। শরীর থেকে মাথা আলাদা করা হয়েছে। দৌলতপুরে কৃষক হত্যা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিয়াশিশা গ্রামে গত বুধবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবুল খাঁসহ ৫/৬ জন লোকজন আব্দুল হকের শোবার ঘরে ঢুকে স্ত্রীর সামনে তাকে গলা কেটে হত্যা করে। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মোরেলগঞ্জে ছেলের হাতে পিতা নিহত বাগেরহাটের মোরেলগঞ্জের দক্ষিণ সুতালড়ী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুস সালাম মীর (৫৫) নামে এক ব্যক্তি ছেলের হাতে খুন হয়েছেন। মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে পুত্র রবিউলকে মোটরসাইকেল বাইরে বের করতে নিষেধ করেন সালাম। এতে উত্তেজিত হয়ে সালামের বুকে ছুরিকাঘাত করে রবিউল পালিয়ে যান। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। সুজানগরে নির্মাণ শ্রমিকের মৃত্যু পাবনার সুজানগরে ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ হোসেন (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে অসাবধানতার কারণে সে পড়ে যায়। পরে লোকজন নদী থেকে তার লাশ উদ্ধার করে। শৈলকুপায় শ্বশুর বাড়িতে জামাই খুন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গত বুধবার রাতে শ্বশুর বাড়িতে সাগর (২২) নামে জামাইকে গলা টিপে হত্যার পর লাশ আম গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সাগর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের ছিরু মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর শ্বশুর ফুয়াদ হোসেন, স্ত্রী উর্মী বেগমসহ বাড়ির সকলে পলাতক।