কালীগঞ্জে ফরমালিনযুক্ত আম আঙ্গুর ও মাছ ধ্বংস

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০৫
গাজীপুরের কালীগঞ্জে ফরমালিনযুক্ত ফল ও মাছ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পী ও উপজেলা মত্স্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইনের নেতৃতে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফল ও মাছের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আম ও আঙ্গুর ধ্বংস করা হয় এবং বিভিন্ন জাতের মাছ নষ্ট করে ময়লার ড্রেনে ফেলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, যতদিন পর্যন্ত কালীগঞ্জ উপজেলা ফরমালিনমুক্ত না হবে ততদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া এই উপজেলাকে খুব দ্রুত ফরমালিনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।