দৈনিক পত্রদূত সম্পাদক হত্যার বিচার ১৮ বছরেও হয়নি

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:১৭
দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল সকাল ৮টায় মরহুমের কবর জিয়ারত, এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল। শহীদ স ম আলাউদ্দীন ১৯৯৬ সালে তার প্রতিষ্ঠিত দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় আত্তায়ীর গুলিতে নিহত হন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের প্রতিষ্ঠাতা শহীদ স ম আলাউদ্দিন ১৯৭০ সালে তত্কালিন প্রাদেশিক পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। হত্যার বিচার শেষ হয়নি:দীর্ঘ ১৮ বছরেও শেষ হয়নি বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন হত্যা মামলার বিচার। ১৯৯৬ সালের ১৯ জুন আত্তায়ীর গুলিতে প্রাণ হারানোর পর এ ঘটনায় নিহতের ভাই স ম নাছির উদ্দিন অজ্ঞাত পরিচয় খুনিদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন স্থগিত ছিল। ২০১২ সালে সাতক্ষীরা দায়রা জজ আদালতে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে মামলাটির ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। মারা গেছেন বেশ কয়েকজন সাক্ষী।