লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:১৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর আমবাড়ী সীমান্তে গত বুধবার রাতে ভারতীয় বিএসএফের গুলিবর্ষণে শিমুল প্রধান (২৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এলাকাবাসী, নিহতের পরিবার, বিজিবি ও পুলিশ সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী খ্যানপাড়া এলাকার হাফিজার রহমানের ছেলে শিমুল প্রধানসহ ৭/৮ জনের এক দল গরু পারাপারকারী উপজেলার শমসেরনগর আমবাড়ী সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ৭ ও ৮ নম্বর সাব পিলারের মাঝামাঝি দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে তারা কুচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সামনে পড়ে যায়। বিএসএফের টহল দল গরু পারাপারকারী দলের সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় বিএসএফের টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গরু পারাপারকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এতে শিমুল প্রধান ঘটনাস্থলেই মারা গেলে সাথীরা তাকে নিয়ে পালিয়ে আসে। নিহতের বড় ভাই বুলবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ আমাদের বাড়িতে আনা হয়েছে। ৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ। তার বুকে গুলি লেগেছে।