চান্দিনায় কয়েক কোটি টাকা নিয়ে ব্যবসায়ীর উধাও হওয়ার অভিযোগ

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:১৯
কুমিল্লার চান্দিনায় কয়েক কোটি টাকা নিয়ে একটি কোম্পানির এক্সক্লুসিভ ডিসট্রিবিউটর নারায়ণ দেবনাথ মাস্টার সপরিবারে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না। এ নিয়ে চান্দিনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র দেবনাথ মাষ্টার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ও বরকামতা দুর্গাবাড়ি পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, নারায়ণ মাষ্টার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় অবসর গ্রহণ শেষে চান্দিনা বাজারে ঢেউটিনের ব্যবসা শুরু করেন। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি কোম্পানির কুমিল্লা জেলার এক্সক্লুসিভ ডিসট্রিবিউটর হয়ে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার পাশাপাশি তিনি চান্দিনা ও দেবিদ্বার উপজেলার শতাধিক ব্যক্তির নিকট থেকে মাসিক মোটা অংকের লভ্যাংশের লোভ দেখিয়ে গ্রাহকদের কয়েক কোটি টাকা সংগ্রহ করেন। এছাড়া তিনি ঐ কোম্পানি, সরকারি ও বেসরকারি ব্যাংক, এনজিও, মাল্টিপারপাস থেকে কয়েক কোটি টাকা ঋণ উত্তোলন করেন। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, আমাদেরকে লাখ প্রতি মাসিক ২ হাজার টাকা সুদ দেখিয়ে তিনি টাকা নিয়েছেন। নারায়ণ দেবনাথের বাড়ি, চান্দিনা ও দেবিদ্বারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার ঘরে তালা ঝুলানো দেখা যায় এবং তার পরিবারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার নিকটতম আত্মীয়দের সাথে যোগাযোগ করলে জানা যায়, তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীকে বাকি দেয়ায় ঐ ব্যবসায়ীরা সময়মত টাকা না দেয়ায় দিনের পর দিন ঋণের বোঝা বাড়তে শুরু করে। কোম্পানি, ব্যাংক, এনজিও ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নেয়া টাকা ফেরত দেয়ার চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মগোপনে আছেন।