এতোদিন ছিলেন নিতান্ত সাধারণ একজন। ফরাসী লিগ ওয়ানের ক্লাব অ্যাজাসিও থেকে ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ফ্রি এজেন্ট হিসেবে। লিভারপুলসহ অন্য কয়েকটি দল তার সাথে যোগাযোগ করলেও কোন কথাই চূড়ান্ত হয়নি।
তবে, এক ঘটনাতেই বদলে গেলা গুইলেরমো ওচোয়ার জীবন-গল্প! ব্রাজিলের বিপক্ষে গত মঙ্গলবারের ম্যাচে একের পর এক দারুণ সেভ করে তিনি মেক্সিকোকে এনে দিয়েছেন মহাগুরুত্বপূর্ণ এক পয়েন্ট। আর গোটা বিশ্বই এখন ওচোয়া নামে কাঁপছে। আর তিনি নিজেও আছেন বেশ ফুরফুরে মেজাজে। পরবর্তী ম্যাচগুলোর জন্যও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ওচোয়ার নাম। আর বর্তমানে কোন ক্লাবের সাথে চুক্তিবদ্ধ না থাকা ওচোয়া নতুন ক্লাবে যোগ দেয়ার বিষয়ে এখনই কিছু ভাবছেন না , ‘যে কোন গোলরক্ষকের জন্যই এমন একটি ম্যাচ বেশ ভালো একটা বিজ্ঞাপন হিসাবে কাজ করে। এদিন ভাগ্যও আমাকে সহায়তা করেছে। এক প্রতিক্রিয়ায় ওচোয়া বলেন, নতুন ক্লাব নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমার সামনে অনেক বিকল্প রয়েছে। তাই এটা নিয়ে এখনই কিছু ভাবছি না। নতুন ক্লাবে যোগ দেয়ার বিষয়টি আমার এজেন্টই দেখাশোনা করছেন।’
