রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় বি-ব্রাদার্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। ইটপাটকেল নিক্ষেপ ও টায়ারে অগ্নিসংযোগ করে দফায় দফায় বিক্ষোভ করে তারা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
শ্রমিকরা জানান, এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন-ভাতা, চার মাসের ওভারটাইমের টাকা ও নির্যাতন বন্ধের দাবিতে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বি-ব্রাদার্স কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা মানছে না। এছাড়া ওভারটাইমের টাকাও নিয়মিত পরিশোধ করা হয় না। এ সবের প্রতিবাদ করতে গেলেই মালিকপক্ষের হাতে শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। গতকাল সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতন-ভাতা ও ওভারটাইমের টাকা পরিশোধের দাবি জানান।
