বগুড়ায় এসআইসহ ২ পুলিশ প্রত্যাহার
বগুড়ায় ওষুধ কোম্পানির প্রতিনিধি সাজ্জাদ হোসেন হত্যা মামলায় আটককৃত সন্দেহভাজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় ২ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বুধবার মধ্যরাতে সাজ্জাদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি তপন ও মুক্তারকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কালা চাঁদ ঘোষ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে সদর থানার এসআই জুলহাসসহ শিবগঞ্জ থানার মোকামতলায় যান। সেখানে এসআই জুলহাসের হেফাজত থেকে বৃহস্পতিবার ভোর রাতে আসামি মুক্তার পালিয়ে যায়। এঘটনায় বগুড়ার পুলিশ সুপার এসআই জুলহাস ও কনস্টেবল আব্দুল করিমকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তির আদেশ দেন। উল্লেখ্য, গত রবিবার রাতে ছুরিকাঘাতে খুন হন সাজ্জাদ হোসেন।
