এক সেন্ট দামের ডাকটিকিট কোটি ডলারে বিক্রি!

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:০৯
বিশ্বের অনেকেই আছেন যারা শখের বশে বিভিন্ন ডাকটিকেট সংগ্রহে রাখেন। এটাকে অনেকে হয়তো হাস্যকর মনে করতে পারেন। কিন্তু সাধারণ এই ডাকটিকেটও একজন সংগ্রাহকের ভাগ্য খুলে দিতে পারে। এক সময় এটি মহামূল্যবান বস্তু হতে পারে। এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এক সেন্ট দামের একটি ডাকটিকেট নিলামে বিক্রি হয়েছে প্রায় কোটি ডলারে! ডাকটিকেটটি ১৮৫৬ সালের এবং ব্রিটেনের। সোথিবি নামক একটি কোম্পানির চেয়ারম্যান ডেভিড রিডেন জানিয়েছেন, কালোর ওপর ম্যাজেন্টা রংয়ের এই ডাকটিকেটটি চতুর্থবারের মতো নিলামে সর্বোচ্চ দাম উঠলো। তিনি জানিয়েছেন, এ ধরনের একটি ডাকটিকেট তার হাতে আসবে সেটা তিনি কোনোদিন কল্পনাও করেননি। তিনি বলেন, বিশ্বের ডাকটিকেট সংগ্রহের ইতিহাসে এই নিলাম উল্লেখযোগ্য। প্রথমে ৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার নিলামের ডাক শুরু হয় এবং ফোনের মাধ্যমে নিলামকারী প্রতিষ্ঠানে ৯ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার দাম তোলেন সোথিবি। ১৯৮৬ সালে সর্বশেষ এই ডাকটিকেটটি দেখা যায়। এর আগের মালিক ছিলেন জন ই ডিউ পোত। তবে তিনি ১৯৮০ সালে ৯ লাখ ৩৫ হাজার ডলারের বিনিময়ে ডাকটিকেটটি কিনে নেন। - নিউইয়র্ক টাইমস