দিনাজপুরে জাল ডলার ব্যবসায়ীদের হামলায় ২ র্যাব সদস্য আহত

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১০
সাত জন গ্রেফতার গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরে জাল ডলার ব্যবসায়ীদের হামলায় সাদা পোশাকে থাকা ২ র্যাব সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৩-এর ২ সদস্য এসআই দুলাল (৩৫) ও কনস্টেবল খায়রুল ইসলাম (২৬) সাদা পোশাকে বৃহস্পতিবার দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাত খামার গ্রামে জাল ডলার ব্যবসায়ী করিমুল (৩৫)-এর আস্তানায় যায়। এসময় জাল ডলার চক্রের সদস্যদের সশস্ত্র হামলার শিকার হন তারা। র্যাবের ২ সদস্যের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুড়াল ও দা দিয়ে কোপানো হয়। হামলার খবর পেয়ে র্যাব ও বীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হামলাকারীরা এসআই দুলালের গুলি ভর্তি পিস্তল লুট করে। বীরগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে ধান ক্ষেত থেকে লুট হওয়া পিস্তলটি উদ্ধার করে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জাল ডলার ব্যবসায়ী করিমুল (৩৫), খোরশেদ (২৪), ওরাকিতান (২২), জহুরুল হক (৩৫), শফিউল (৪০), জাহানারা বেগম (২২) ও ইয়াসমিনকে (২০) গ্রেফতার করেছে। পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় র্যাব বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।