র্যাব প্রফেশনাল কিলার বাহিনীতে পরিণত হয়েছে :ফখরুল

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১০
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের বিষয়ে র্যাবের সাবেক কর্মকর্তা কর্নেল তারেক সাঈদের স্বীকারোক্তি দেয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশব্যাপী খুন-গুমের সঙ্গে র্যাব প্রাতিষ্ঠানিকভাবে জড়িত। র্যাব এখন খুনি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। টাকার বিনিময়ে র্যাব গুম-খুনের কাজ করছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, র্যাব প্রফেশনাল কিলার বাহিনীতে পরিণত হয়ে তাদের সুনাম নষ্ট করেছে। র্যাবের কার্যকারিতা নেই। তাই এ বাহিনী বিলুপ্ত করে বিকল্প বাহিনী গঠন করতে হবে। যারা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত না থাকে। এজন্য নীতিমালা গঠন করতে হবে। সংগঠনের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে এ মতবিনিময়ে অংশ নেন সংগঠনের নেতা নিতাই রায় চৌধুরী, জয়ন্ত কুমার কুন্ডু, অপর্ণা রায় দাস, দীপেন দেওয়ান, দেবেশ দত্ত, অ্যালবার্ট ডি কস্তা, সুশীল বড়ুয়া, দেবাশীষ রায়, ডি রোজারিও প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন রমেশ দত্ত, দীপেন দেওয়ান, দেবাশীষ রায়, সুশীল বড়ুয়া প্রমুখ।