বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে অবস্থিত ১৬২টি ছিটমহল দ্রুত বিনিময়ের দাবিতে কুড়িগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের দাশিয়ারছড়া ছিটমহল থেকে কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসেন। মৌন মিছিল করে জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। কুড়িগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সহকারী কমিশনার (গোপনীয় শাখা) ওয়ারেছ আনসারী।
এসময় বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, দু’দেশের অভ্যন্তরে অবস্থিত ১৬২টি ছিটমহলের অধিবাসীরা দীর্ঘ ৬৭ বছর ধরে অবরুদ্ধ জীবনযাপন করছেন। ছিটমহল বিনিময়ে ১৯৫৮ সালে নেহেরু-নুন চুক্তি হয়েছিল। এরপর ছিটমহল বিনিময়, অমীমাংসিত সীমান্ত ও অপদখলীয় জমি নিয়ে সমস্যা সমাধানে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি বাংলাদেশের পার্লামেন্টে অনুমোদিত হলেও ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন দেখা দেয়ায় তাদের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়নি। পরবর্তীতে ২০১১ সালে প্রটোকল স্বাক্ষরিত হলেও তা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।
এ অবস্থায় আগামী ২৫ জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে আসছেন। এই সফরের সময় দ্বিপাক্ষিক আলোচনায় ছিটমহল বিনিময়ের বিষয়টি যাতে গুরুত্ব পায় এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হয় এজন্য পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
