ইরাক থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার দাবি বিএনপির

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১৬
ইরাকে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা বা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার উদাসীন বলে অভিযোগ করেছে বিএনপি। দ্রুত ইরাক প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ইরাকে শিয়া ও সুন্নী মতাবলম্বীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ইরাকে যে রক্তক্ষয়ী সংঘাত চলছে এবং সে কারণে সেদেশে বসবাসরত বিদেশি নাগরিকসহ বাংলাদেশিদের নিরাপত্তাহীনতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইরাকে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো ত্বরিত ব্যবস্থা গ্রহণ করলেও বাংলাদেশ সরকার সেদেশে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা বিধান কিংবা নিরাপদে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। ইরাকে বাংলাদেশিরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, তারা কে কোথায় অবস্থান করছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় দেশে ইরাকে প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজনরা গভীর উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছে।