গল্প নয় সত্যি

শিশুর ঘুম কমায় টেলিভিশন

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:২৭
আধুনিক এই সময়ে এসে আপনার বাসায় টিভি আছে কি না সে প্রশ্ন করা একেবারেই অবান্তর। আর বাসায় টিভি যখন আছে তখন সেই টিভিটির দর্শক তালিকাতে যে বাড়ির শিশুদের নামও বেশ ভালো মতোই আছে তা তো বলাই বাহুল্য। কখনো বড়দের সঙ্গে আবার কখনো বা নিজেদের মতো করেও টিভি দেখে শিশুরা। কোনো কোনো মা-বাবা তো সন্তানকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানোর জন্যও দ্বারস্থ হন টিভির। তবে দিনের পর দিন এভাবে টিভি দেখার কারণে শিশুরা যে নানা ধরনের শারিরীক ও মানসিক ঝুঁকির মধ্যে পড়ছে সেটা নানা সময়ে বহুবারই মনে করিয়ে দিয়েছেন গবেষকেরা। এ বাস্তবতায় নতুন করে আরও একটি সতর্কবার্তার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্রজেক্ট ভিভা নামের একটি প্রকল্পের যৌথ গবেষণা। এই গবেষকরা জানিয়েছেন, টিভি দেখার ফলে দেরি করে ঘুমাতে যাওয়ার মতো সরাসরি প্রভাবের পাশাপাশি ঘুমের সময়ের ওপর এর নেপথ্য প্রভাবও রয়েছে। আর এক্ষেত্রে প্রতি ঘণ্টা টিভি দেখার কারণে গড়ে শিশুদের সাত মিনিটের ঘুম হারিয়ে যায় বলেও মত দিয়েছেন তারা। আর সামগ্রিকভাবে ঘরে টিভি থাকলে প্রতি রাতে একটি শিশুর গড়ে ৩০ মিনিটের ঘুম নষ্ট হয় বলেও জানিয়েছেন এই গবেষকরা। গবেষকরা আরও জানিয়েছেন যে, এভাবে কম ঘুমানোর ফলে একদিকে যেমন শিশুদের মধ্যে বিষণ্নতার মাত্রা বাড়ে তেমনি পড়ালেখায় ধারণার বাইরে খারাপ করা কিংবা ইতোপূর্বে অপরাপর গবেষণায় প্রমাণিত স্থুলতা ও মানসিক অস্থিরতার মতো বিষয়গুলোও বৃদ্ধি পায়। উল্লেখ্য, আলোচিত এই গবেষণার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে গবেষকরা আট বছর ও এর কাছাকাছি বয়সী মোট ১,৮০০ শিশুর টেলিভিশন দেখা ও ঘুমানোর অভ্যাস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন।