নীলফামারীতে ১৮ হাজার ৪৪৭ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত

আপডেট : ২০ জুন ২০১৪, ২০:৪০
চলতি বোরো মৌসুমে নীলফামারী জেলায় ১৮ হাজার ৪৪৭ টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এছাড়া ২ হাজার ৬১৮ টন ধানও কেনা হবে। গত ১ মে থেকে ক্রয় শুরু হলেও গত দেড়মাসে চাল সংগ্রহ হয়েছে মাত্র দেড় হাজার টনের একটু বেশি। খাদ্য বিভাগ সূত্র জানায়, চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণে নীলফামারী সদরে ৪ হাজার ৮৯৫ টন, সৈয়দপুরে ২ হাজার ২৭৮ মেট্রিক টন, ডোমার ও চিলাহাটিতে ৪ হাজার ১৬০ টন, জলঢাকায় ৩ হাজার ৯০৭ টন, ডিমলায় ২ হাজার ৭২৬ টন এবং কিশোরীগঞ্জে ৫৮১ টন। জেলার ৫৬৫ জন ডিলারের মধ্যে ৪৮৮ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন গত ২৬ মে পর্যন্ত। চুক্তিবদ্ধদের মধ্যে অটোরাইস মিল মালিক রয়েছেন ১২ জন। সূত্র জানায়, শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো বোরো ধান কেটে ঘরে তুলতে পারেনি যার কারণে ধান সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে মিল চাতাল ব্যবসায়ীদের। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকরা অনেক আগে বোরো ধান ঘরে তুলেছেন এবং এখন তারা ব্যস্ত আমন চাষাবাদের বীজতলা তৈরির জন্য। এবারে বোরো মৌসুমে চাল ৩১ টাকা এবং ধান ২০ টাকা কেজি দরে কেনা হচ্ছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ক্রয় সংগ্রহ অভিযান চলবে গোটা জেলায়।