সদর উপজেলার দাদপুর বাজার ও অশ্বদিয়ার ইতালী মার্কেট থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সুধারাম পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ও বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ওসি জানান, গোপন সংবাদে খবর পেয়ে গতকাল দুপুরে এসআই তানভির ও লিটনের নেতৃত্বে একদল পুলিশ ইতালী মার্কেটে অভিযান চালিয়ে কবির হোসেন (২৮) নামে এক সন্ত্রাসীকে একটি সুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র আইনে মামলা রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে ৪-৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী একই উপজেলার দাদপুর বাজারে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় বাজারের লোকজন ধাওয়া করে একটি পাইপগানসহ হাবিবুর রহমান (১৯), রিয়াজ হোসেন (১৮) ও পারভেজকে (২০) ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ দুইটি ঘটনায় থানায় অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।
