বাঘায় সোনালী ব্যাংকে লোকবল সংকট

আপডেট : ২০ জুন ২০১৪, ২০:৪১
রাজশাহী বাঘা সোনালী ব্যাংকে লোকবল সংকটের কারণে হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছে এ অঞ্চলের গ্রাহক ও আম ব্যবসায়ীরা। এখানে ২০ জন কর্মকর্তার প্রয়োজন থাকলেও কর্মরত আছেন মাত্র ১২ জন। এরফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। তারা ব্যাংকে লোকবল বৃদ্ধি করাসহ কাউন্টার বাড়ানোর দাবি জানিয়েছেন। বাঘার আমোদপুর গ্রামের আম ব্যবসায়ী নহু সরকার অভিযোগ করে বলেন, গত দুইদিন পূর্বে ঢাকা থেকে তার নামে দুই লাখ টাকার টিটি আসে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাতে ভাউচার তৈরি না হওয়ায় তাকে পরদিন টাকা দেন। একই কথা বলেন অপর এক আম ব্যবসায়ী মাসুদ করিম। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঘায় এমনও ব্যবসায়ী রয়েছে যারা ব্যাংকের কতিপয় কর্মচারীর হাতে সকালে চেক হস্তান্তর করে আম বাগানে যান। সার্বিক বিষয়ে ব্যাংক ম্যানেজার বদরুদ্দোজা জানান, এই শাখায় গত একমাস পূর্বেও সর্বোচ্চ লেনদেন হয়েছে দুই থেকে তিন কোটি টাকা। বর্তমানে আমের কারণে লেনদেন হচ্ছে ৬ থেকে ৭ কোটি টাকা। ব্যাংকে লোকবল বৃদ্ধি করাসহ ক্যাশ কাউন্টার এবং কম্পিউটার বাড়ানো হলে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হবে না।