সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ জুন ২০১৪, ২০:৪১
কুরআন প্রতিযোগিতায় মোহাম্মাদ আলী সারাদেশে তৃতীয় মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ হেকফুল কুরআন প্রতিযোগিতায় সারাদেশে তৃতীয় স্থান অধিকার করেছে মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের হাফেজ মোহাম্মাদ আলী। তার বাবার নাম মাওলানা আব্দুল্লাহ ফারুকী। মাতার নাম তাহেরা বেগম। তার বাড়ি উপজেলার কোরকদী ইউনিয়নের বামুন্দি গ্রামে। আল ফোরকান ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে দেশসেরা প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্প্রতি আল ফোরকান ফাউন্ডেশন এডুকেশন ডিপার্টমেন্ট ১৩৭ আউসপাড়া নিশাতনগর টুঙ্গির গাজীপুরে দেশসেরার প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে ক্রেস্ট ও সম্মাননা সনদ লাভ করেন। মুন্সীগঞ্জের হোসেন্দীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীতে সুপার বোর্ডের গুদামের আগুন ১৬ ঘন্টা পর শুক্রবার নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২শ’ ফুট লম্বা ও ১শ’ ফুট চওড়া এই গুদামের সবটাই পুড়ে গেছে। তবে সঠিকভাবে ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাতের কারণ ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত করতে পারেনি। ফায়ার সার্ভিস ঢাকার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ৬টি ইউনিট একত্রে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সুপার বোর্ড মিলস লিমিটেডে কর্তৃপক্ষও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। কালিগঞ্জে কালিন্দিতে নৌকা ডুবে জেলে নিখোঁজ সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত নদী কালিন্দিতে নৌকা ডুবে দেবাশিষ সরকার নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিন্দি নদীর কালিগঞ্জের উকসা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ দেবাশিষ উপজেলার উকসা গ্রামের বিজয় সরকারের ছেলে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, দেবাশিষ সরকার হরিপদ সরকার নামে তার এক সহকর্মীকে নিয়ে মাছের রেণু সংগ্রহ করছিলেন। এসময় হঠাত্ ঝড় হলে নৌকা উল্টে যায়। হরিপদ সরকার তীরে উঠতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজয় সরকারের কোন খোঁজ পাওয়া যায়নি। আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনামুল হক (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে গত শুক্রবার আদালতে প্রেরণ করেছেন। আদমদীঘির মালশন গ্রামের তমিজউদ্দীনের পুত্র নাজমুল হকের বিরুদ্ধে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুরি সংক্রান্ত একটি মামলায় ১০ বছর জেল ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস সাজা হয়। রাজবাড়ী জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলকে বৃহস্পতিবার রাতে রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাব ভবনের দ্বিতীয়তলায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে বিদায়ী জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, তার সহধর্মিনী ড. মুসলেমা মুন, ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, সাংবাদিক মোশারফ হোসেন, মতিউর রহমান, কাজী আব্দুল কুদ্দুস, খন্দকার মতিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মির্জাপুরে বিজয় টেলিভিশনের বর্ষপূর্তিতে আলোচনা সভা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ শিশুদের চিত্রাংকন, র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে বিজয় টেলিভিশনের ২য় বর্ষ পূর্তি পালন করা হয়েছে। মির্জাপুর উপজেলা বিজয় টেলিভিশন দর্শক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা। মাগুরায় মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরা প্রতিনিধি \ মাগুরার আঠারখাদা গ্রামের সিদ্ধেশ্বরী মঠ ও মন্দির প্রাঙ্গণে অবস্থিত শিব মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ পূজা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। কটিয়াদীতে ব্র্যাকের কর্মশালা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে এক কর্মশালা শুক্রবার শেষ হয়েছে। উপজেলার আচমিতা, জালালপুর, মসূয়া ও চান্দপুর ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যাসহ মোট ৫২জন জনপ্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক প্রশিক্ষক শালোমী সংমা, জেলা ব্যবস্থাপক আজাদ রহমান, ব্যবস্থাপক গৌতম চক্রবর্তী, ব্র্যাক ডিবিআর বজলুর রহমান ও ব্র্যাক কর্মী আমেনা খাতুন। কুমিল্লা ক্যান্টনমেন্ট হাসপাতালে বিনামূল্যে চিকিত্সাসেবা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়। গতকাল শুক্রবার চিকিত্সাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল মো. আবদুল হামিদ-এএমসি। উপস্থিত ছিলেন সেনানিবাস স্টেশন সদর দপ্তরের এসএসও মেজর শিহাব উদ্দিন শোয়াইব, প্রশাসনিক কর্মকর্তা মো. আফজল বারী প্রমুখ। খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিষয়ে সেমিনার চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে মানানসই শিক্ষা ব্যবস্থা চালু করতে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দানের পদ্ধতি ও প্রযুক্তি বিষয়ে এক সেমিনার হয়েছে। বৃহস্পতিবার রাতে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল কাদের ভুঁইয়ার সভাপতিত্বে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মিরাকষ্টা কলেজের অধ্যাপক ডাঃ সাফিন হাসান আলী প্রধান অতিথি ছিলেন। পাকুন্দিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \বেসরকারি কল্যাণ সংস্থা ‘পথপাথেয়’ এর উদ্যোগে গতকাল শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। পাকুন্দিয়া পাইলট মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আলহাজ্ব মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বামনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা বামনা প্রেসক্লাবের নির্বাচন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মোঃ নাসির মোল্লা সভাপতি এবং মোঃ জহিরুল আলম রুমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন পিন্টু, মোঃ হাবিবুর রহমান, মোঃ হাফিজুর রহমান তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, মোঃ হেমায়েত মোল্লা, কোষাধ্যক্ষ অনুপ কর্মকার, দপ্তর সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মেজবাহ্ উদ্দিন মিন্টু, সিনিয়র সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মতিন আকন্দ, সদস্য দেবদাস মজুমদার, মোঃ নেছার উদ্দিন, মোঃ বাসির মোল্লা, নির্ঝর কান্তি বিশ্বাস ননী, মোঃ জাকির হোসাইন, রতন চন্দ্র মালাকার, মোঃ সিদ্দিকুর রহমান। বোদায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড় জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে জেলার বোদা উপজেলার কলেজ পাড়া থেকে তিন বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হানিফকে আটক করেছে। এসময় ডিবি পুলিশ মাদক বহনকারী একটি মোটর সাইকেলও আটক করে। এঘটনায় বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক হানিফকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। নবীনগরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশাগ্রস্ত বখাটে ছেলের অত্যাচারে এক মা অতিষ্ঠ হয়ে জীবনরক্ষায় অবশেষে ওই ছেলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলেন। মামলায় বৃহস্পতিবার রাতে ওই বখাটে ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম মোঃ নাছির উদ্দিন, পিতা মৃত আবদুল কাদির মোল্লা, বাড়ি উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের গংগানগর গ্রামে। মানিকগঞ্জে বিজয়টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে বিজয়টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মানিকগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে গতকাল শুক্রবার বিজয়টিভির প্রতিনিধি সাব্বির হোসেন সাইফুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম এ মুন্নাফ খান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সদর সার্কেলের এএসপি কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এইচ এম হাসিবুল হাসান, বিজয়টিভির শিবালয় প্রতিনিধি গোলাম নাজমুল হক প্রমুখ। টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও দুইটি কিরিচ উদ্ধার টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফ পৌরসভা জালিয়াপাড়া নাফ নদী তীরে গতকাল শুক্রবার সকালে বিজিবি ৩০ হাজার ইয়াবা ও দুইটি লম্বা কিরিচ উদ্ধার করে। নায়েক সুবেদার লুত্ফর রহমানের নেতৃত্বে বিজিবি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ মালামাল উদ্ধার করে। এ সময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা মূল্যে ৯০ লাখ টাকা বলে জানায় বিজিবি। টেকনাফ ৪২ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, ৯০ লাখ টাকার ইয়াবাসহ দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।