পশ্চিমবঙ্গে মন্ত্রীর ভাবী-ভাতিজির রহস্য-মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৯, ১৬:৫৭

বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বড় ভাবী ও ভাইঝির মৃতদেহ। সোমবার বিকালে আসানসোলে মলয়ের ভাই প্রয়াত অসীম ঘটকের স্ত্রী জয়শ্রী ঘটক (৬৫) ও কস্তুরী ঘটকের (৩৯) পচাগলা মৃতদেহ দু’টি উদ্ধার হয় ।

আসানসোল দক্ষিণ থানার হিন্দুস্তান পার্ক এলাকায় মা ও মেয়ে আলাদা থাকতেন। আদিবাড়ি চেলিডাঙায় তাঁরা থাকতেন না বলে জানা গিয়েছে। সোমবার দুপুর নাগাদ বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এরপরই পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ বাড়ির দরজা ভেঙে দেখে মেঝেতে জয়শ্রী ঘটক ও মেয়ে কস্তুরী ঘটকের দেহ পড়ে রয়েছে। মৃতদেহ দুটি পচাগলা ও কালো হয়ে গিয়েছে। 

পুলিশ লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, তিন-চারদিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, ২০১৭ সালে দূর্গাপূজায় মূর্তি বিসর্জনে গিয়ে তলিয়ে গিয়ে মারা গেছিলেন মলয়বাবুর ভাই অসীম ঘটক। অসীম মারা যাওয়ার পর জয়শ্রী ঘটক ও কস্তুরী ঘটক একাই থাকতেন ওই বাড়িতে। এমনকী সেই দুর্ঘটনার সময় স্বামীর মৃতদেহ বাড়িতে ঢোকাতে দেননি জয়শ্রী ঘটক। প্রতিবেশীদের সঙ্গে তাঁরা কথাবার্তা বলতেন না। সবসময় দরজা বন্ধ থাকতেন।

স্থানীয় মোহাম্মদ ইজাজ বলেন, ‘জিনিসপত্র বা সবজি দরকার লাগলে তাঁকে ফোন করে ডাকতেন বউদি। তারপর জানালা দিয়েই নিয়ে নিতেন। কারোর সঙ্গে তাঁরা কথাবার্তা বলতেন না। বাড়ির মধ্যেই আবদ্ধ রাখতেন নিজেদের।’

তিনি আরও বলেন, ‘গত সোমবার সবজি দিয়ে এসেছিলাম। তারপর আর যোগাযোগ নেই।’

আরও পড়ুনঃ নাচের সঙ্গে কোরআন আবৃত্তি সৌদি গায়িকার, সমালোচনার ঝড়

ভাই অভিজিৎ ঘটক জানান, ভোটের জন্য ব্যস্ত থাকায় তিনি এর আগে কোনও খোঁজ নিতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

ইত্তেফাক/টিএস