কিশোরগঞ্জের হোসেনপুরে গৌড়ীয় রীতি অনুযায়ী তৈরি ষোড়শ শতাব্দীর একটি প্রাচীন শিব মন্দির ধ্বংস হতে চলেছে। বর্তমানে মন্দিরটিতে প্রায় একশ’ বছর যাবত্ কোন পূজাও দিচ্ছে না সেখানকার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। কারণ হিসেবে জানা গেছে মন্দিরের গায়ে শতবর্ষী গাছ-গাছালি ও নানা আগাছা জন্মে মন্দিরের সোন্দর্যকে নষ্ট করছে। বর্তমান গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির দক্ষিণে ্মন্দিরটি অবস্থিত রয়েছে। গাঙ্গাটিয়া জমিদার বংশের পূর্বপুরুষরা রাঢ়ীয় ব্রাহ্মণ গোত্রের জনৈক শাস্ত্রীয় পণ্ডিত ভারতের উত্তর প্রদেশ থেকে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর দিকে এ দেশে এসে বসতি স্থাপন করেন। বর্তমান জমিদার বাড়ি থেকে দক্ষিণের দিকে প্রথম তাদের বসতবাড়ি তৈরি হয়েছিল। সে বাড়ির পতিত ভিটাসংলগ্ন আজও গৌড়ীয় রীতি অনুযায়ী তৈরি একটি প্রাচীন শিব মন্দির বিদ্যমান রয়েছে। হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার জানান, শিব মন্দিরটিকে বিভিন্ন আগাছা ও গাছের শিকড়ে জড়িয়ে যাওয়ায় এটি এখন পরিত্যক্ত। কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক লেখক ও গবেষক আমিনুল হক সাদী জানান, অনেকদূর থেকে মানুষ প্রতিদিন প্রাচীন সভ্যতার নিদর্শন এ বাড়িটি দেখতে ছুটে আসেন। বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ঐতিহাসিক শিব মন্দিরটির ঐতিহ্য আজ হারাতে বসেছে।
