দিনাজপুরের ১৩টি উপজেলার ১০২টি ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে ১১ কোটি ৪৮ লাখ টাকার ৪২৮টি প্রকল্পের কাজ শেষের দিকে। তবে এসব প্রকল্পে কাগজে-কলমে বেশি সংখ্যক শ্রমিক দেখিয়ে তাদের বরাদ্দকৃত বিপুল অর্থ ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে। সদর উপজেলার ৪৩টি প্রকল্পে ২ হাজার ১১২ জন শ্রমিক, বিরলে ৪৩টি প্রকল্পে ১ হাজার ১৯৪ জন, বোচাগঞ্জে ৫৪টি প্রকল্পে ৭৩২ জন, কাহারোলে ৩৭টি প্রকল্পে ৭৩০ জন, বীরগঞ্জে ৩২টি প্রকল্পে ১ হাজার ৬৬৩ জন, খানসামায় ২৫টি প্রকল্পে ৯১২ জন, চিরিরবন্দরে ৪৮টি প্রকল্পে ১ হাজার ৩৮৩ জন, পার্বতীপুরে ৩৪টি প্রকল্পে ১ হাজার ৭২৯ জন, ফুলবাড়ীতে ২৯টি প্রকল্পে ৭৮২ জন, বিরামপুরে ২৫টি প্রকল্পে ৭৯৬ জন, নবাবগঞ্জে ৩০টি প্রকল্পে ১ হাজার ১২৭ জন, হাকিমপুরে ১৪টি প্রকল্পে ৩৮৫ জন এবং ঘোড়াঘাট উপজেলায় ১৪টি প্রকল্পে ৫৭৭ জন শ্রমিককে তালিকাভুক্ত করা হয়। শ্রমিকেরা প্রত্যেকে দৈনিক ২শ টাকা হারে মজুরি গ্রহণ করছেন। কিন্তু প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম দিকে কিছু অসুবিধা থাকলেও পরে তা জোরদার মনিটরিং এর মাধ্যমে দূর করা হয়েছে। ৬০ দিনব্যাপী এই কর্মসংস্থানের বিপুল অংকের টাকা অতিদরিদ্রদের পকেটে যথাযথভাবে না গেলেও লাভবান হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ ব্যাপারে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ হাম্মাদুল বাকী বলেন, কোথাও থেকে এই প্রকল্পের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
