যৌতুকের জন্য গৃহবধূকে ঝলসে দিল স্বামী

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৭
উপজেলার দক্ষিণ গয়াবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে শাহিনা (২৪) নামে এক গৃহবধূর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে স্বামী ও শাশুড়ী। শাহিনার পিতা সহিদুল ইসলাম বলেন, ছেলেপক্ষের দাবিকৃত ২ লাখ টাকার ১ লাখ ৬৫ হাজার প্রদান করা হয়েছিল। যৌতুকের বাকি টাকার জন্য জামাতা ও মেয়ের শাশুড়ী শাহিনার ওপর প্রায়ই নির্যাতন করতো। বাকি ৪৫ হাজার টাকার জন্য দু’বার বাড়ি থেকে বের করে দিয়েছিল। ইউপি সদস্য দুলুসহ এলাকাবাসী ঘটনাটি মীমাংসা করে দিলে শাহিনা পুনরায় স্বামীর সংসারে ফিরে যায়। শাহিনা বেগম জানান, যৌতুকের টাকার জন্য স্বামী মহসিন আলী ও শাশুড়ী মোহসেনা বেগম প্রতিনিয়ত নির্যাতন করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা যৌতুকের টাকার জন্য তাকে গালমন্দ করতে থাকে। এ সময় চুলার উপর থাকা ভাত রান্নার গরম পানি তার শরীরে ঢেলে দেয় শাশুড়ী ও স্বামী । এতে তার শরীরের ঘাড়, পিঠ, বুক, হাটুদ্বয় ও দুই চোখের চারপাশ ঝলসে যায়। ডিমলা থানার ওসি শওকত আলী জানান, অসুস্থ শাহিনাকে দেখার জন্য ডিমলা হাসপাতালে গিয়েছিলাম। তার পিতাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।