আসন্ন রমজানের আগেই নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে অভিযান চালিয়ে অবৈধ বসতি উচ্ছেদ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পাহাড় ব্যবস্থাপনা কমিটি ইতিমধ্যে নগরীর ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করেছে। এর মধ্যে ১১টি পাহাড়ে ৬৬৬টি পরিবার অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তাদের স্থায়ীভাবে উচ্ছেদের জন্য রোজার আগে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। অবৈধ বসতি উচ্ছেদের পর এসব স্থানে গাছ লাগানো হবে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, কিছু চিহ্নিত ব্যক্তি ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ বসতি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। বসতি নির্মাণকারীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পুলিশকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
