লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি হাই স্কুলে শিক্ষক ও ক্লাসরুম সংকটের দরুন ৫টি ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। স্কুলটিতে বেবী ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষকদের অনুমোদিত পদ ২৪টি। বর্তমানে ৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত রেলওয়ে চিলড্রেন পার্ক স্কুলটি ১৯৭৩ সালে জাতীয়করণ করে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হয়। জাতীয়করণের সময় স্কুলটিতে বেবী শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু ছিল। নবম ও দশম শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে।
রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি হাই স্কুলের শিক্ষক ও ক্লাসরুম সংকট বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসীম উদ্দিন জানান, আমরা বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দ্বারা অবহিত করেছি। কিন্তু অদ্যাবধি কোনো সুরাহা পাচ্ছি না।
এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোন রাজশাহী এর সিনিয়র পার্সোনাল অফিসার শেখ কামালের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি শিক্ষক সংকটসহ অন্য সমস্যার বিষয়ে অবহিত রয়েছেন বলে জানান।
