মঠবাড়িয়ায় হাজত থেকে আসামির পলায়ন

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:৫১
পিরোজপুরের মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে গতকাল শুক্রবার দুপুরে আমিনুল ইসলাম (২৫) নামের এক আসামি লোহার গ্রীল ভেঙ্গে পালিয়ে গেছে। আমিনুল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আইউব আলী আকনের ছেলে। জানা গেছে, পুলিশ একটি চুরির মামলায় সন্দেহজনক আসামি হিসেবে আমিনুলকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করেছিল। বেলা সাড়ে ১১টার দিকে মুষলধারে বৃষ্টির সময় দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পিছনের মরিচাধরা জরাজীর্ণ ভবনের গ্রীল ভেঙ্গে আমিনুল পালিয়ে যায়। এ ব্যাপারে আদালতের দায়িত্বরত এ টি এস আই প্রেমানন্দর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। আদালতের সি এস আই রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, ভবনটির দরজা জরাজীর্ণ হওয়ায় আসামি পালাতে সক্ষম হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মল্লিক আসামি পালানোর সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ হেফাজাত থেকে আসামি পালানোর ঘটনায় আদালতের জি আরও ফারুক হোসেন বাদী হয়ে ওই আসামির বিরুদ্ধে ২২৩ ও ২২৪ ধারায় মামলা দায়ের করেছে। পিরোজপুর জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, দায়িত্ব অবহেলার কারণে কর্মরত পুলিশের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।