আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:১১
আশুলিয়ায় ২টি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে কুটুরিয়া এলাকায় জেডএ এ্যাপারেলস (ফুজি সোয়েটার) ও পূর্ব নরসিংহপুরে মেডলার এ্যাপারেলস নামক তৈরি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টায় কুটুরিয়া এলাকায় অবস্থিত জেডএ এ্যাপারেলস (ফুজি সোয়েটার) নামক কারখানার নিচ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এলাকাবাসী মজিবর দেওয়ান জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার জেনারেটর রুম থেকে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পর নিচতলায় সুতার গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ৫ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও কারখানার নিরাপত্তা কর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে সাভার, আশুলিয়া, ইপিজেড ও ধামরাই থেকে দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ৫ তলা ভবনের ৩য় তলা পর্যন্ত কারখানার সব মালামাল পুড়ে গেছে। পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও আগুনের ভয়াবহতা কমে গেছে। তবে ভিতর থেকে মিটিমিটি আগুন ও ধোয়া বের হতে দেখা গেছে। গতকাল কারখানার সাপ্তাহিক ছুটি থাকায় কোন শ্রমিক কারখানার ভেতরে ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে জেনারেটর বিষ্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে দমকল বাহিনীর সদস্যরা ধারণা করছেন। শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার শহিদুল্লাহ বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৪-৫ জন আহত হয়। অপরদিকে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস নামক তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় আধঘণ্টা পর ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী শ্রমিক, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দুপুর আড়াইটার দিকে হঠাত্ মেডলার গ্রুপের বহুতল ভবনটির চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কারখানাটির শ্রমিকরা একযোগে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে নেমে এলে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে এক ঘণ্টা পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।