রাজধানীর কালশীতে সড়ক অবরোধ করে সারাদিন বিক্ষোভ

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:১২
সহিংসতায় জড়িতদের গ্রেফতারসহ পাঁচ দফা দাবিতে গতকাল শুক্রবার পল্লবীর কালশীর নতুন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দারা। সকাল ১১টার দিকে তারা কালো পতাকা হাতে সড়কের এক পাশে অবস্থান নেন। তারা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে শ্লোগান দেন। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। পল্লবী থানার ওসি (তদন্ত) বিপ্লব কিশোর শীল বলেন, বিহারীদের অবরোধের কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি শান্ত। অবশ্য ওয়েলফেরার মিশন অব বিহারিজ (বাংলাদেশ) সভাপতি মুশতাক আহমেদ দাবি করেন, বিহারীদের দাবি মেনে না নেয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে তাদের পাঁচ দফা দাবি মেনে নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। কুর্মিটোলা ক্যাম্পের বিহারী নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, পুলিশ জড়িতদের শনাক্তের ব্যাপারে আন্তরিক নয়। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তারা যথাযথ গুরুত্বের সঙ্গেই কাজ করছেন। পবিত্র শবেবরাত উপলক্ষে শুক্রবার রাত ও শনিবার ভোরে আতশবাজি-পটকা ফাটানোকে কেন্দ্র করে কুর্মিটোলা ক্যাম্পবাসীদের সঙ্গে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এসময় তাদের দেয়া আগুনে পুড়ে ৯ জন ও পুলিশের গুলিতে ১ জন নিহত হন। এসব ঘটনায় পল্লবী থানায় দায়ের ছয়টি মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।