বাগান থেকে চুরি গিয়েছে দুটো কাঁঠাল। চোর ধরতে তাই বিশেষ গোয়েন্দা দল গঠন করেছে পুলিশ। শুনে অনেকের চোখ ছানাবড়া হয়ে যাবে। যেখানে আস্ত মানুষ অপহরণ হলে আজকাল পুলিশের সাহায্য পেতে ‘ক্ষমতাধর’ হওয়া লাগে সেখানে দুটো কাঁঠাল চুরির দায়ে চোরের পেছনে পুলিশ-গোয়েন্দা লাগানো সম্ভব?
হ্যাঁ, সম্ভব। যদি এমপির গাছের কাঁঠাল চুরি হয়! ভারতের রাজ্যসভার এমপি মহেন্দ্র প্রসাদের ৪ নম্বর তুঘলক রোডের বাংলোর বাগানে ফলেছে রসালো কাঁঠাল। কিন্তু সম্প্রতি নিরাপত্তা রক্ষীরা খেয়াল করেন, দু’টো পাঁকা কাঁঠাল কে যেন পেড়ে নিয়ে গেছে। এমপির বাগান থেকে ফল চুরি। খবর পেয়ে উল্টার বেগে ছুটে আসেন নিরাপত্তা সংস্থার লোকেরা। সরেজমিনে ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করেন। এরপর চোর ধরতে কাঁঠাল চুরির তদন্তে ১০ সদস্যের বিশেষ গোয়েন্দা দল তৈরি করা হয়। ঘটনাস্থল থেকে চোরের আঙুলের ছাপ ও অন্যান্য সাক্ষ্য সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আপাতত সে সব পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছে পুলিশ। দুটি কাঁঠাল চোরের পেটে গেছে একারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই এমপি।
