অগ্নিকাণ্ড থেকে গাড়ির টায়ার ফাটা পর্যন্ত অনেক বিষয়কেই বিমাযোগ্য বিষয়বস্তুর মধ্যে সামিল অনেকা আগেই করা হয়েছে। বিমাওয়ালারা মনে হয় আইডিয়া সংকটে ভুগছে। আর কোন কোন বিষয়ের কথা বলে ‘কাস্টমার’ টানা যায় সেই চিন্তায় মশগুল ইনস্যুরেন্স হর্তাকর্তারা। তাই অবিশ্বাস্য হলেও সত্য, ভারতের কয়েকটি বিমা কোম্পানি ‘আত্মহত্যার চেষ্টাকে’ও বিমার আওতায় নিয়ে এসেছে!
অবাক লাগলেও এটাই ঘটনা। সমপ্রতি ভারতীয় বিমা সংস্থাগুলি বিদেশে শিক্ষারত ছাত্রছাত্রীদের জন্য এমন সমস্ত বিষয়ে কভার দিচ্ছে যা শুনলে চোখ কপালে উঠবে। উদাহরণ দিলেই ব্যাপারটি পরিষ্কার হবে। অতিরিক্ত ড্রাগ বা অ্যালকোহলের জন্য রিহ্যাবিলিটেশনের খরচ, ক্যান্সার সনাক্ত করা, অঙ্গ প্রতিস্থাপন, খেলতে গিয়ে লাগা আঘাতের জন্য চিকিত্সা, সন্তানের জন্ম, ফিজিওথেরাপি, দুর্ঘটনা বা অসুস্থতার জন্য কোনও সেমিস্টারে পরীক্ষা না দিতে পারলে তার খরচ, এমনকি আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার খরচও বিমা সংস্থা বহন করবে! এখানেই শেষ নয়, গ্রেফতার হলে জামিনের খরচ, গর্ভপাত ইত্যাদি বিষয়ও স্থান পেয়েছে সেখানে। ভারতে ব্যবসা করা জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেই তারা এই তালিকা সোত্সাহে অভিভাবকদের কাছে মেলে ধরছে।
