বিশ্বে সংঘাত ও সংকটের ফলে বাড়িঘর থেকে বিতাড়িত লোকের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো এ সংখ্যা পাঁচ কোটি অতিক্রম করলো। এক্ষেত্রে সিরিয়ার জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গতকাল শুক্রবার জাতিসংঘ শরণার্থী সংস্থা এ কথা জানায়। ইউএনএইচসিআর জানায়, ২০১৩ সালের শেষ নাগাদ বিশ্বে পাঁচ কোটি ১২ লাখ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যায়। ২০১২ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৬০ লাখ বেশি।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ২০১৩ সালের তথ্য দিয়ে ‘গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট’ তৈরি করা হয়। নিজস্ব তথ্যের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও সহযোগী বেসরকারি সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে। সিরিয়া যুদ্ধের ২৫ লাখ শরণার্থী এবং আরো ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়াকেই সংখ্যা বৃদ্ধির মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয় প্রতিবেদনে। শরণার্থী উেসর দিক থেকে এখনো আফগানিস্তানই শীর্ষস্থানে রয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। মিয়ানমারের অবস্থান এক্ষেত্রে ষষ্ঠ।
