ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৩ জন

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২০
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০১৩ পেলেন মাসরুর আরেফিন, মঈনুল আহসান সাবের ও বদরুন নাহার। গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীরা পান এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র। প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ, কবিতা ও কথাসাহিত্য ও তরুণ সাহিত্য এই তিন শ্রেণীতে পুরস্কার প্রদান করা হয়। মাসরুর আরেফিন ‘ফ্রানত্সা কাফকা গল্পসমগ্র’ গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণীতে, মঈনুল আহসান সাবের এখন পরিমল’ উপন্যাসের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণীতে, বদরুন নাহার বৃহস্পতিবার গ্রন্থের জন্য পুরস্কার পান। ২০১৩ সালে প্রকাশিত বই থেকে সেরা তিনটি বই নির্বাচন করা হয়েছে। তিন শ্রেণীতে ৬শ বই জমা পড়ে। জাতীয় অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কবি আসাদ চৌধুরী এবং কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সেরা তিনটি বই নির্বাচন করে। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্যসহ উপস্থিত ছিলেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে গোলাম সারওয়ার বলেন, সমকাল জন্ম থেকেই সাহিত্যমনস্ক। পাশাপাশি ব্র্যাক ব্যাংকও। ব্র্যাক ব্যাংক ও সমকালের এ পুরস্কার বিতরণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এটা শুরু করেছি, শেষ করবো না। ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো। উল্লেখ্য, ২০১১ সাল থেকে এ পুরস্কার প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল।