বকশীগঞ্জ ও শ্রীবরদীর ২৫ গ্রামে বুনো হাতির আতংক

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২১
বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের ২৫টি গ্রামে বুনো হাতির আতঙ্ক বিরাজ করছে। সাতানিপাড়া, গারোপাড়া, বালুঝরি, দিঘলাকোনা, লাউচাপড়া, হাতিবেড়কোনা, সোমনাথপাড়া, চন্দ্রপাড়া, প্রতিবেশী শ্রীবরদীর কর্নজোড়া, বাবলাকোনা, রাজারপাহাড়, ঝোলগাও, বালিজুড়ি, কোচপাড়া, রাঙ্গাজল, কাড়ামারা হারিয়েকোনা ও পাঁচমেঘাদলসহ পাহাড়ি এলাকার ২৫ গ্রামের পাহাড়িদের দিন কাটছে শঙ্কায়, রাত কাটছে নির্ঘুম। ৭ জুন থেকে বকশীগঞ্জ ও শ্রীবরদী সীমান্তবর্তী গারো পাহাড়ে শতাধিক হাতির একটি পাল কয়েকটি দলে বিভক্ত হয়ে পাহাড়ের সমতল ভূমির লোকালয়ে তাণ্ডব চালায়। হাতির আক্রমণে চান্দাপাড়া গ্রামের ছাইদুর রহমানের স্ত্রী ওমেছা বেগম মারা গেছে। আহত হয়েছে কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর জমির মৌসুমি ফসল। লণ্ডভণ্ড করেছে বেশ কিছু ঘরবাড়ি এবং গাছপালা। বুনো হাতির আক্রমণে ১৫ বছরে পাহাড়ের বালিজুরি গ্রামের হামিরউদ্দিন বাবুল মিয়া, খ্রিস্টানপাড়া গ্রামের স্টারসন, সোমনাথপাড়া গ্রামের ফিলিপ সাংমা, ঝুলগাও গ্রামের মজিবর, সিরাজ, হাতিবর গ্রামের বৃন্দাবন দাস, মাখনেরচর গ্রামের হাসান হাবিব, বাঘারচর গ্রামের আবু তালেবসহ অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। কয়েকশ’ মানুষ আহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ২০ জন পঙ্গুত্ব বরণ করে দুর্বিষহ জীবনযাপন করছে।