শান্তিপূর্ণ প্রথম একশ’ দেশের তালিকায় নেই বিশ্বে এক নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্র। এমনকি বাংলাদেশের পরেও অবস্থান দেশটির। বলা হচ্ছে, বোস্টন ম্যারাথনে বোমা হামলা এবং সম্প্রতিকালে জঙ্গি তত্পরতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় ১০১ নম্বরে জায়গা করে নিয়েছে তারা।
১৬২টি দেশের উপর করা বৈশ্বিক শান্তি সূচকের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৯৭তম। বিশ্বের কম সহিংস দেশ অনুসারে এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে গতকাল শুক্রবার ব্রিটেনের ‘ডেইলি মেইলে’র এক প্রতিবেদনে বলা হয়েছে। এই তালিকার শীর্ষ তিনটি দেশ হলো আইসল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়া। আর সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকার শেষে রয়েছে সিরিয়া। প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে দুটি প্রেসার কুকার বোমা হামলায় তিন জন নিহত ও ২৬৪ জন আহত হয়। এটা ছিলো ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্রে জঙ্গিদের সবচেয়ে বড় হামলা। যদিও বিভিন্ন সময়ে নিরাপত্তা বাহিনীগুলো অনেকগুলো জঙ্গি হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তবে শুধু সন্ত্রাসী হামলা যুক্তরাষ্ট্রের পিছিয়ে থাকার একমাত্র কারণ নয়। দেশটির সামরিক শক্তি বৃদ্ধিও একটি কারণ। দেশটির জনগণ চাইলেই ছোট অস্ত্র ক্রয় করতে পারে। যার ফলে মাঝে মাঝে যুক্তরাষ্ট্রে ব্যক্তিকেন্দ্রিক হামলার ঘটনা ঘটছে।
