নারায়ণগঞ্জে লিফলেট বিতরণকালে রফিউর রাব্বির উপর হামলা

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২৫
নারায়ণগঞ্জে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির উপর হামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কালীরবাজার এলাকাতে এ হামলার ঘটনা ঘটে। ওই সময়ে রফিউর রাব্বি আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনের ব্যাপারে ত্বকী মঞ্চের একটি লিফলেট বিতরণ করছিলেন। লিফলেটে লেখা ছিল, ‘তানভীর মুহাম্মদ ত্বকীর সকল হত্যাকারীদের ফাঁসি চাই, ভোট আপনার পবিত্র আমানত। আপনার সন্তান ও শিশুদের কথা ভেবে অন্তত খুনী ও সন্ত্রাসী পরিবারের কাউকে ভোট দেবেন না’। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ জানান, গত বুধবার এক সমাবেশের পর থেকে লিফলেট বিতরণ শুরু করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় লিফলেট বিতরণের সময় জাতীয় পার্টির কয়েকজন লোক এসে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ঘটে। পরে সেলিম ওসমান সমর্থিত জাতীয় পার্টির লোকজন রফিউর রাব্বিকে কিলঘুষি ও মারধর করে। লিফলেট বিতরণকারী অন্যদের উপরও হামলা হয়। পরে লোকজন রাব্বিকে উদ্ধার করে বাসায় নিয়ে গেছে। প্রসঙ্গত, উপ-নির্বাচনে রাব্বি প্রার্থী হলেও ঋণ খেলাপির কারণে সেটা বাতিল হয়ে যায়। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নিখোঁজের দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকেই গঠিত সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ হত্যাকাণ্ডের জন্য ওসমান পরিবারকে দায়ী করে আসছিল। চলছিল নিয়মিত কর্মসূচি।