ওবামার নির্দেশে ৩শ’ সামরিক উপদেষ্টা যাচ্ছে ইরাকে

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২৫
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে সুন্নি জঙ্গিদের দমনে ‘নির্ভুল’ সামরিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে তার নির্দেশে বাগদাদে যাচ্ছেন ৩০০ সামরিক উপদেষ্টা। ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দি লেভান্টের (আইএসআইএল) জঙ্গিদের অগ্রযাত্রা কিভাবে ঠেকানো যায় সে ব্যাপারে শীর্ষ পর্যায়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ওবামা হোয়াইট হাউসের কর্মপরিকল্পনার অনুমোদন দেন। উল্লেখ্য, জঙ্গিরা ইতিমধ্যে ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরী দখল করে নিয়ে বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে। খবর এএফপির। সুন্নি যোদ্ধারা ইরাকের উত্তরাঞ্চলীয় বৃহত্তম নগরী মসুল দখল করেছে। এতে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে চলে যায় এবং অনেকে প্রাণ হারায়। আমেরিকান সৈন্যদের কোনভাবেই ইরাক যুদ্ধে ফিরে না যাওয়ার ব্যাপারে ওবামা বদ্ধপরিকর। তিনি বলেন, ‘ইরাকের জনগণ ও এ অঞ্চলের পাশাপাশি আমেরিকান স্বার্থকে চরম হুমকির মুখে ফেলে দেয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া ইরাকিদের আমরা সাহায্য করবো। পরিস্থিতির প্রয়োজনে আমরা লক্ষ্যভিত্তিক ও নির্ভুল সামরিক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেব।’ ওয়াশিংটন উপসাগরে ইতিমধ্যে একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে এবং আইএসআইএল জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন ড্রোন ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা একান্তে জানান, ইরাকি বাহিনীকে পরামর্শ দিতে যে বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে প্রয়োজনে তাদেরকে বিমান হামলায় ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা জানান, মার্কিন সামরিক উপদেষ্টাদের ‘খুব শিগগিরই’ মোতায়েন করা হবে। এদিকে সামরিক বাহিনীর কর্মকর্তারা ইরাকের আকাশে মার্কিন এফ-১৮ বিমান এবং মনুষ্যবিহীন পর্যবেক্ষণ ফ্লাইট পাঠানোর খবর নিশ্চিত করেন।