গতকাল শুক্রবার ভোর রাত থেকেই টাঙ্গাইলের মির্জাপুরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তীব্র খরতাপের পর মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় একদিকে স্বস্তি ফিরে এলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর যানজট থাকায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয় বলে যাত্রীরা অভিযোগ করেছেন। গতকাল ভোর রাত থেকে প্রথমে থেমে থেমে এবং সকাল সাড়ে আটটার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। মহাসড়কের কয়েকটি স্থানে পর পর ৪/৫ টি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় শুরু হয় যানজট। মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে মির্জাপুর উপজেলার গোড়াই ও গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ৬০ কিলোমিটার জুড়ে ছিল এই যানজট। যানজট নিরসনের জন্য পুলিশ ও হাইওয়ে পুলিশকে হিমশিম খেতে হয় বলে হাইওয়ে থানার ওসি যুবাইদল আলম জানিয়েছেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটও অব্যাহত রয়েছে।
