লোহাগড়ায় ফেরি ডুবি দু’টি ট্রাক উদ্ধার চারটি তোলা সম্ভব হয়নি

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২৭
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাটে মধুমতি নদীতে গত বৃহস্পতিবার ভোর রাতে ডুবে যাওয়া ফেরি থেকে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ক্রেনের সাহায্যে দু’টি ট্রাক পানি থেকে তুলে আনে। বাকি ৪টি ট্রাকে মালামাল থাকায় ক্রেন দিয়ে তোলা সম্ভব হয়নি। গোপালগঞ্জ সওজ কর্তৃপক্ষের কচ্ছপ গতির এ উদ্ধার তত্পরতায় খুশি নন ট্রাক মালিকেরা। অধিকাংশ মালিক ক্ষোভের সাথে বলেন, ট্রাকে থাকা মালামালের ক্ষয়ক্ষতি তো হয়েছে, শেষ পর্যন্ত ট্রাকগুলোকে আর রাস্তায় নামাতে পারবো কিনা সন্দেহ। গাড়ির চালকরা অভিযোগ করেন, ৯৫ টাকার ফেরি ভাড়া নেয়া হয় দেড়শ টাকা। তাছাড়া সিরিয়াল পেতে ২০ টাকার স্থলে ৫০/৬০ টাকা গুণতে হয়। ফেরির ধারণ ক্ষমতার চেয়ে ২/৩ গুণ বেশি ওজন লোড দেয়া হয়। প্রতিবাদ করলে হয়রানিতে পড়তে হয়। ফেরি চালক মফিজ বলেন, গত ঈদে ফেরিটি এখানে আনা হয়। তখন থেকেই এ ফেরি দিয়ে পানি উঠতো। এ বিষয়ে কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে।