দেশের বাজারে অত্যন্ত ছোট আকৃতির প্রসেসিং ইউনিট হিসেবে ইন্টেল নেক্সট ইউনিট অব কম্পিউটিং (এনইউসি) নিয়ে এসেছে ইন্টেল। এনইউসি মূলত ছোট প্যাকেজের একটি পিসি যা হোম থিয়েটার পিসি, মিডিয়া সার্ভার বা পার্সোনাল ক্লাউড স্টোরেজ হিসেবে কাজ করতে সক্ষম। যেকোনো সময় যেকোনো স্থানে খুবই অল্প পরিসরে ব্যবহার করা যায় এই পিসি। বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর ইন্টেল এনইউসির পরিচয় দিতে গিয়ে জানান, একটি টাওয়ার পিসি যা করতে পারে তার সবকিছুই করতে সক্ষম এই এনইউসি। মাত্র ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকৃতির এই ইউনিট সব ধরনের ডিজিটাল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কর্মক্ষম। জিয়া মনজুর বলেন, ‘ইন্টেল এনইউসি একটি পূর্ণাঙ্গ স্কেলেবল ডিভাইস যাতে রয়েছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর যুক্ত করার সুবিধা এবং একে চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যায়। ফলে যেকোনো ধরনের কম্পিউটিংয়ের কাজেই একে ব্যবহার করা যায়।’ জিয়া মনজুর জানান, বোর্ড এবং কিট—দুইটি আকারে বাজারে এসেছে এনইউসি। উভয় ডিভাইসের আকার ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি। এর মধ্যে বোর্ডকে যেকোনো কেসিংয়ে সংযুক্ত করা যায়। আর এনইউসি কিটে মাদারবোর্ড, প্রসেসর, পাওয়ার ব্রিক, ভেসা মাউন্টিং ব্র্যাকেট, ওয়্যারলেস অ্যান্টেনা, পাওয়ার কর্ড সবকিছুই একটি কেসিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এগুলোতে এমসাটা এসএসডি কিংবা ২.৫ ইঞ্চি হার্ডডিস্কও ব্যবহার করা যায়। এনইউসির সব মডেলের সাথেই রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।
