ধানের ন্যায্যমূল্য না পেয়ে মুখের হাসি মিলিয়ে গেছে বেড়ার কৃষকদের। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ আর তীব্র গরমে একটু ভালো দামের আশায় রাস্তার পাশে বসে থেকেও শেষ পর্যন্ত হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। বাজার ঘুরে জানা গেছে, প্রতিমণ ব্রি ২৯ ধান তারা বিক্রি করছেন ছয়’শ থেকে সাত’শ টাকায়।
ফলে উত্পাদন খরচ বাদ দিয়ে হাতে আর কিছু অবশিষ্ট থাকছে না বলে জানান বেড়ার সিএন্ডবি হাটে ধান বিক্রি করতে আসা লতিফ। সার, ডিজেল এবং কীটনাশকের দাম বেশি হওয়ায় কয়েক বছরে উত্পাদন খরচ বেড়ে গেছে বলে জানা যায়।
তাছাড়া ধান বোনা এবং ধান কাটার জন্য যে শ্রমিক দরকার হয় তার দামও বেশি। একজন শ্রমিক সারাদিন চার’শ থেকে পাঁচ’শ টাকা পর্যন্ত নিয়ে থাকে। কিন্তু সে তুলনায় ধানের বাজার নিম্নগামী। ফলে কয়েক মাস হারভাঙ্গা খাটুনি খেটেও সুখের দেখা মিলছে না তাদের। তবে অনেক কৃষক অভিযোগ করেছেন, ধান যখন চালে পরিণত হয় ঠিক সেই সময় ক্যানালের সেচের পানি বন্ধ করে দেয়া হয়েছিল, ফলে অনেক ধান চিটা হয়ে গেছে।
