পার্টস ও কাঁচামাল রপ্তানির প্রস্তুতি ওয়ালটনের

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪৯
প্রযুক্তি শিল্পের বিভিন্ন ধরনের মেশিনারিজ, পার্টস ও কাঁচামাল রপ্তানির পরিকল্পনা করছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেলের মতো বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্য তৈরি করছে। এতোদিন এসব পণ্যের কাঁচামাল ও মেশিনারিজ বিদেশ থেকে আমদানি করতে হতো। সম্প্রতি এসব পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং মেশিনারিজ, পার্টস দেশেই তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর (সোর্সিং ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ওয়ালটন কারখানায় ব্যাপক আকারে কাস্টিং প্ল্যান্ট তৈরির কাজ চলছে। এতে স্টিল, কপার ও এ্যালুমিনিয়াম সহযোগে তৈরি হবে বিভিন্ন যন্ত্রাংশ। ওয়ালটন তৈরি করতে যাচ্ছে পলিউল। রেফ্রিজারেটরের ভেতরে ইনস্যুলেশন তৈরিতে এই কেমিক্যাল ব্যবহূত হয়। আগামি এক মাসের মধ্যে দেশের প্রথম পলিউল মেকিং প্ল্যান্ট চালু হবে। ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন বিভাগ জানিয়েছে, ২০১৫ সালের মধ্যে উল্লিখিত যন্ত্রাংশ ও কাঁচামালের সবগুলোই তৈরি হবে বাংলাদেশে। এর আগে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্ল্যাট বসানোর কাজ চলবে। - প্রেস বিজ্ঞপ্তি