পৃথক ঘটনায় আটজন নিহত

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৪৯
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। ডিমলায় একজনের মৃত্যু নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখুলি এলাকায় ট্রাক ও নছিমনের সংঘর্ষে জমরউদ্দিন (৭৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, মশিয়ার রহমান, সাইয়েকুল আলম ও আমিনুর। আহতদের রংপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকায় গত শুক্রবার রাতে ট্রাক ও নসিমনের সংঘর্ষে মনির হোসেন (১৮) নামে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে নাভারন হাসপাতালে ও তিনজনকে বেনাপোল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম জানান, লাশ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসা হয়েছে। মাটির ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নবাবগঞ্জে পথচারীর মৃত্যু ঢাকার নবাবগঞ্জ উপজেলার তালতলা এলাকায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম (৩২) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। সুজানগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার পাবনার সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের একটি পুকুর থেকে গত শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার গাজীপুর মহানগরের পশ্চিম চান্দনা এলাকা থেকে গত শুক্রবার রাতে অর্পা আক্তার কাকলী (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই একরামুল হক জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গাছের ডালে বেধে নিহত ৩ নওগাঁর ধামইরহাটে গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে বর যাত্রীবাহী বাসের দুই আদিবাসী যুবক মারা গেছে। আহত আরও দুই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে। থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করেছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, উপজেলার বীরগ্রাম আদিবাসী পল্লী থেকে বিয়ের উদ্দেশ্যে রিজার্ভ বাস কালাম এন্টারপ্রাইজযোগে (বগুড়া-ব-২৭৯৮) বরযাত্রীরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন বিয়ের পর বাড়ি ফেরার পথে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকময়রাম নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্সকে সাইড দিতে গিয়ে বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এ সময় বাসের ছাদে থাকা আদিবাসী কিশোর-যুবকরা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলে একই গ্রামের রাম মুরমুর ছেলে শৈলেন মুরমু (২০) মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিত্সাধীন অবস্থায় সনজিত হেমরম (১৪) মারা যায়। থানা পুলিশ বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পর বাসের ড্রাইভার ও অন্য স্টাফরা পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরিদপুর হাজতির আত্মহত্যা ফরিদপুর কারাগারে আজাদ শেখ (২৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজতে ছিল। শুক্রবার মধ্যরাতে জেলখানার ৩নং সেলে নিজের পরণের লুঙ্গি গলায় পেঁচিয়ে দরজার সাথে ঝুলে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত. ঘোষণা করে। আজাদ শেখ ভাঙ্গা উপজেলার কলেজ রোড এলাকার শ্যাম শেখের ছেলে। জেল সুপার এসএম নজরুল ইসলাম জানান, হাজতি আজাদ শেখ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার দুই মিনিটের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাকে বাঁচানোর চেষ্টা করে।